সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য দেবেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬ ০৮:৪০

শেয়ার

৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য দেবেন শেখ হাসিনা
ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দুই বছর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে যান। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। এ পর্যন্ত তার একাধিক অডিও বার্তা প্রকাশিত হলেও এবারই প্রথম তিনি জনসম্মুখে আসছেন।

ভারতের অনলাইন সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশে ফেরার বিষয়ে বক্তব্য দেবেন।

প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এফসিসি সাউথ এশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা ও কূটনীতিক উপস্থিত থাকবেন।

ইন্ডিয়া টুডে আরও জানায়, টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। সেই ঘটনার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন এবং পরে ভারত চলে যান। এরপর থেকে তিনি জনসম্মুখে বা আনুষ্ঠানিক গণমাধ্যমে উপস্থিত হননি। আগামী ৫ আগস্টের এই উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী সিদ্দিকী, সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী বিশ্লেষক আবু ওবাইদা অরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ার উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস (আইএপিসি)-এর ড. ওয়াইয়েল আওয়াদ।



banner close
banner close