রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু ও একটি রহস্যময় পরিত্যক্ত বস্তার সন্ধান পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
শনিবার (১ আগস্ট) সকালে এ ঘটনা জানাজানি হলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিশেষায়িত বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেন।
ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিরপুর-১০ স্টেশনে বোমা রাখা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখা যায়। ব্যস্ততম এই দুই স্টেশনে রহস্যময় বস্তু দেখতে পেয়ে যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন দুটির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ‘ছাতা বোমা’র সন্ধান পাওয়া যায়। সে সময় বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করলেও একজন পথচারী আহত হন। সেই ঘটনার পর আবারও মিরপুর-১০ ও ফার্মগেট স্টেশনে এ ধরনের ঘটনার কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সিটিটিসির বিশেষজ্ঞ দল উদ্ধার হওয়া বস্তুগুলোর পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করবে সেগুলো আসলে কী। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মেট্রোরেলের নিয়মিত কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:








