শুক্রবার

৩১ জুলাই, ২০২৬ ১৬ শ্রাবণ, ১৪৩৩

উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, রোহিঙ্গাদের ঘরে ফেরার আকুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ২১:৩৬

শেয়ার

উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, রোহিঙ্গাদের ঘরে ফেরার আকুতি
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের কাছে আশ্রিত রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফেরার দাবি জানিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সার্জিও গোরের গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন রোহিঙ্গারা। শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে তারা মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান।

এসময় উপস্থিত রোহিঙ্গা যুবক আহমদ উল্লাহ বলেন, বছরের পর বছর ধরে ক্যাম্পে অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছি। নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত আমরা নিজ দেশে ফিরতে চাই। শরণার্থী হিসেবে আর জীবন কাটাতে চাই না।

রোহিঙ্গা অধিকারকর্মীরা বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস ঘটনাকে প্রথমবারের মতো ‘গণহত্যা’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এ অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অপরিসীম।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)-এর সংগঠক মাস্টার সৈয়দ উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে কোনো মানুষ চিরকাল নিজের দেশ ছেড়ে অন্যের আশ্রয়ে থাকতে চায় না। আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে, যাতে আমরা নিরাপদে মাতৃভূমিতে ফিরতে পারি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলে সেখানে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব, সমঅধিকার, ন্যায়বিচার, নিরাপত্তা ও আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তা থাকতে হবে। পাশাপাশি প্রত্যাবাসন-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রোহিঙ্গাদের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।

পরিদর্শন শেষে প্রতিনিধিদলটির কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

উল্লেখ্য, ৩ দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শেষ দিন শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।



banner close
banner close