সারাদেশে পরিচালিত বিশেষ অভিযানে গত তিন মাসে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে সাধারণ মামলা ও নিয়মিত অভিযানে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়। ফলে গত ৮৮ দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন।
অভিযান চলাকালে পুলিশ ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় সোয়া দুই কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, শুটারগান, এলজি, রিভলভার, বন্দুক, পাইপগান, শটগান, রাইফেল ও এসএমজি।
এছাড়া অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:








