রবিবার

২৬ জুলাই, ২০২৬ ১১ শ্রাবণ, ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৪:২২

শেয়ার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে খুব শিগগিরই জাতীয় সংসদের স্পিকারের সাক্ষাৎ চাওয়া হবে।

রবিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে সিইসির কক্ষ থেকে বের হয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব। কমিশন সার্বিক পরিস্থিতি ও রাষ্ট্রপতি নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার ধারাবাহিকতায় স্পিকারের সঙ্গে কমিশনের একটি আনুষ্ঠানিক বৈঠকের প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য খুব দ্রুতই সময় চেয়ে স্পিকারের কাছে বার্তা পাঠানো হবে। স্পিকারের সাক্ষাতের পর তফসিল ঘোষণার পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করা হবে।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এ এমএম নাসির উদ্দিন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে রোববার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব অনির্ধারিত বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন নিয়ে পর্যালোচনা করা হয়। এরপর সিদ্ধান্ত নেয়া হয় তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।

নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। যার জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। যার ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এসব বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক করবে।



banner close
banner close