ঢাকা সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
রবিবার বেলা সাড়ে ১১টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান এবং শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই আগমনকে কেন্দ্র করে সাভার ও স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছিল নিখুঁত প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুরো এলাকা জুড়ে কয়েক স্তরের সার্বক্ষণিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পোশাকধারী পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিলেন গোয়েন্দা সংস্থার সদস্য ও সাদা পোশাকের পুলিশ।
সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী ও স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছিল।
এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল প্রাঙ্গণে প্রস্তুত ছিল। রাষ্ট্রপতির যাতায়াতের সময় ঢাকা-আরিচা মহাসড়কে সাধারণ যান চলাচল পুরোপুরি বন্ধ না রেখে, অনাকাঙ্ক্ষিত ধীরগতি বা অবৈধ যানবাহন ঠেকাতে ট্রাফিক পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল।
শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর অনুষ্ঠান শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে রওনা হন।
আরও পড়ুন:








