শুক্রবার

২৪ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ, ১৪৩৩

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ১৫:১৪

শেয়ার

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, তাই দলের নেতাকর্মীদেরও ভুল-ত্রুটি হতে পারে। তবে অন্যায়ের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো আপস নেই বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরাও মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। আমরা পরিষ্কারভাবে বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। তবে এর অর্থ এই নয় যে, আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হয়।

তিনি বলেন, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা যদি জামায়াতের কোনো অন্যায় বা অপরাধ দেখতে পান, তাহলে তা দলের নজরে আনার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সেসব বিষয়ে ব্যবস্থা নিয়ে সংশোধনের চেষ্টা করা হবে।

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, যারা দায়িত্বে থাকবেন, তাদের নৈতিকতার বিষয়ে আরও বেশি সতর্ক ও সচেতন থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।

তিনি আরও বলেন, সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের সুযোগ দিয়ে পুনরায় দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হবে। তবে গুরুতর অপরাধ বা লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে তিনি নিজেসহ দলের সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।



banner close
banner close