শুক্রবার

২৪ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ, ১৪৩৩

স্পিকার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ১৪:১২

শেয়ার

স্পিকার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন
ছবি সংগৃহীত

চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে গুঞ্জনের মধ্যেই তার আগাম দেশে ফেরা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন স্পিকার। চিকিৎসার জন্য তিনি গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন। তার ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনা হয়। এতে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৬ বছর বয়সী মোহাম্মদ সাহাবুদ্দিন।

এর আগে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে বা অন্য যে কোনো কারণে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে সেই সুযোগ রয়েছে। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকার কিছু জানে না।

সরকারের কোনো পদক্ষেপ রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। গণমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জনের খবর প্রকাশিত হয়েছে।



banner close
banner close