ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে অনশনে বসেছেন মঞ্চ-২৪-এর নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।
অনশন কর্মসূচিতে মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃষ্ঠপোষকতা করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে তিনি দ্রুত রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বঙ্গভবনের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি বিবেচনায় রয়েছে। বঙ্গভবনের একাধিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য পদত্যাগকে সামনে রেখে অভ্যন্তরীণ প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে এবং শুক্রবার দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানো হতে পারে।
অন্যদিকে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দলের উচ্চপর্যায় থেকেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে অপারগ হলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিলম্ব হলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।
আরও পড়ুন:








