নিজ মন্ত্রণালয়ের জারি করা পদায়ন নীতিমালার মাত্র দুই সপ্তাহের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে। তার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং টাঙ্গাইলের আরেক পূর্ণমন্ত্রীর সুপারিশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক নির্বাহী প্রকৌশলীকে তার নিজ জেলা টাঙ্গাইলে বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সরকার বিভাগ গত ২ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে জানায়, এলজিইডির কোনো কর্মকর্তাকে তার নিজ জেলা কিংবা স্বামী বা স্ত্রীর নিজ জেলায় পদায়ন করা যাবে না। প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা, স্বার্থের সংঘাত এড়ানো এবং স্থানীয় প্রভাবমুক্তভাবে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করতেই এ নীতিমালা জারি করা হয়।
কিন্তু ওই প্রজ্ঞাপন জারির মাত্র দুই সপ্তাহের মধ্যে ১৬ জুলাই এলজিইডি সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) জাহানারা পারভীনকে তার নিজ জেলা টাঙ্গাইলে বদলি করা হয়।
সরকারি নথি ও জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, জাহানারা পারভীনের স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। তার স্বামী শামছুল বারীর নিজ জেলাও টাঙ্গাইল। ফলে তিনি একই সঙ্গে নিজের জেলা এবং স্বামীর নিজ জেলায় পদায়ন পেয়েছেন। তাদের দুজনের গ্রামের বাড়িও মধুপুর উপজেলায়। ওই আসনের সংসদ সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন বলেন, এলজিআরডি মন্ত্রীর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং টাঙ্গাইলের আরেকজন পূর্ণমন্ত্রীর সুপারিশে এ বদলি করা হয়েছে। তিনি শুধু নির্দেশনা বাস্তবায়ন করেছেন। টাঙ্গাইলের দুই মন্ত্রী বিষয়টি এলজিআরডি মন্ত্রীকে বুঝিয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জেলা পর্যায়ে একজন নারী কর্মকর্তাকে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিতে এলজিআরডি মন্ত্রী আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই বিবেচনায় জাহানারা পারভীনের নাম আসে। বর্তমানে মাঠ পর্যায়ে কোনো নারী নির্বাহী প্রকৌশলী নেই বলেও দাবি করেন তিনি।
এই বদলির মাধ্যমে সরকারি প্রজ্ঞাপন লঙ্ঘিত হয়েছে কি না জানতে চাইলে মো. বেলাল হোসেন বলেন, সাধারণভাবে নিজ জেলায় বদলি না করার নিয়ম থাকলেও একাধিক মন্ত্রী বিষয়টি চাওয়ায় এ ক্ষেত্রে বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শরিফুল ইসলাম বলেন, মন্ত্রী বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং এ বিষয়ে তিনি অবগত নন।
টাঙ্গাইল জেলা থেকে বর্তমানে দুজন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী রয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ছাড়া অপর পূর্ণমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। প্রতিমন্ত্রী হলেন সুলতান সালাহউদ্দিন টুকু।
এ বিষয়ে আহমেদ আযম খান বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং তার মন্ত্রণালয়ের বাইরের বিষয়ে মন্তব্য করতে চান না।
এদিকে নীতিমালা কার্যকরের মাত্র দুই সপ্তাহের মধ্যে নিজ জেলায় একজন নির্বাহী প্রকৌশলীর পদায়নের ঘটনায় প্রশাসনের ভেতরেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বক্তব্য জানতে যোগাযোগ করা হলে জাহানারা পারভীন মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি।
আরও পড়ুন:








