সোমবার

২০ জুলাই, ২০২৬ ৫ শ্রাবণ, ১৪৩৩

শাসক নয়, জনগণের সেবক হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৮:১৭

শেয়ার

শাসক নয়, জনগণের সেবক হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গত ১৭ বছরের প্রশাসনিক রাজনৈতিকীকরণের ধারা থেকে বেরিয়ে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে চার দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিভিল সার্ভিসের কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাই নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিক কর্মশালা আয়োজন বা উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি গ্রহণের কোনো যৌক্তিকতা নেই, যদি তা জনগণের প্রকৃত কল্যাণে না আসে।

দেশে কার্যকর নীতি প্রণয়নের স্বার্থে পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের বিভিন্ন পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন এবং মাথাপিছু আয়ের তথ্যেও ভুল উপস্থাপন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এখনো কৃষি ও কৃষকের ওপর নির্ভরশীল। তাই কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে ভিত্তি করে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সম্প্রসারণের ওপরও জোর দেন তিনি।



banner close
banner close