নারী মরদেহের ময়নাতদন্ত (পোস্টমর্টেম) সম্পাদনের জন্য দেশের পোস্টমর্টেম-সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (১৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। তিনি জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে দেশের পোস্টমর্টেম-সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে অন্তত একজন করে নারী ডোম নিয়োগের আবেদন স্বাস্থ্য অধিদপ্তরে করেছিলেন আইনজীবী মনির উদ্দিন। আবেদনটির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন ধর্মে নারীর মরদেহের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ময়নাতদন্ত একটি আইনগত প্রয়োজন হলেও নারী মরদেহের ক্ষেত্রে নারী ডোম থাকলে মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা অধিকতর সুরক্ষিত থাকবে। একই সঙ্গে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে মারা যাওয়া নারীর পরিবারের সদস্যদের মানসিক কষ্টও কিছুটা লাঘব হবে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আধুনিক সমাজে নারীরা প্রায় সব পেশাতেই দায়িত্ব পালন করছেন। তাই ময়নাতদন্তের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নারী ডোম নিয়োগ সময়োপযোগী উদ্যোগ হতে পারে। মানবাধিকার ও মর্যাদা রক্ষার স্বার্থে মৃত্যুর পরও একজন ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিত করা প্রয়োজন বলেও রিটে উল্লেখ করা হয়।
রিটে অতীতে মর্গে নারী মরদেহের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অপরাধমূলক ঘটনার কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের অক্টোবরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে এক ডোমকে গ্রেপ্তারের ঘটনা এবং ২০২০ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে একই ধরনের অভিযোগে আরেক ডোমকে গ্রেপ্তারের বিষয় উল্লেখ করা হয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক সাবেক মর্গকর্মীর একাধিক নারী মরদেহের সঙ্গে যৌন নির্যাতনের দায় স্বীকারের ঘটনাও আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে দেশের সব পোস্টমর্টেম-সুবিধাসম্পন্ন হাসপাতালে নারী ডোম নিয়োগ এবং নারী মরদেহের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
আরও পড়ুন:








