রবিবার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছ থেকে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে এতে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, চ্যানেলটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীর। তৎকালীন পুলিশ ও র্যাব প্রধানসহ ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনারকেও আসামি করা হয়েছে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, তদন্ত সংস্থা ইতোমধ্যে প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে এবং এটি বর্তমানে পর্যালোচনা চলছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদনটি দাখিল করা হবে। মামলার তদন্তের অগ্রগতি নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক ব্রিফিং হবে বলেও তিনি জানান।
তিনি আরও জানান, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তকাজ চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না।
এদিকে মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান হেফাজতে ইসলামের একটি প্রতিনিধিদল। রবিবার সকালে সংগঠনের সিনিয়র নায়েবে আমির আল্লামা আবদুল হামিদের (মধুপুরের পীর সাহেব) নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের এই দল চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে।
আরও পড়ুন:








