বৃহস্পতিবার

১৬ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

জুলাই শহীদ দিবসে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৩:১০

শেয়ার

জুলাই শহীদ দিবসে দেশজুড়ে নিরাপত্তা জোরদার
ছবি সংগৃহীত

জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ, র‌্যাব, বিজিবি, এপিবিএন, আনসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রকাশ্য টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, অতিরিক্ত চেকপোস্ট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল, স্মৃতিস্তম্ভ, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও জনসমাগমের স্থানগুলোকে বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার প্যাট্রোলিংও বাড়ানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বিভিন্ন স্থানে মোবাইল ও ফুট পেট্রোল বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। ডিএমপির নিয়মিত সদস্যদের পাশাপাশি সোয়াট টিমও প্রস্তুত রাখা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, প্রতিটি ব্যাটালিয়ন নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, সাদা পোশাকে নজরদারি এবং সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা পর্যবেক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) শাহাদাত হোসাইন বলেন, সব মেট্রোপলিটন ও জেলা পুলিশকে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়েছে।

এদিকে রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে স্মরণসভা, দোয়া এবং অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।



banner close
banner close