বুধবার

১৫ জুলাই, ২০২৬ ৩১ আষাঢ়, ১৪৩৩

গৃহায়ন খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১৫:২১

শেয়ার

গৃহায়ন খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবাসন খাতের উন্নয়ন, জাতীয় ভবন বিধিমালা বাস্তবায়ন, নগর উন্নয়ন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ এবং উন্মুক্ত স্থান ও পার্ক উন্নয়নে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবিলায় একটি বিশেষ গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগেও সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি।

বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশের আবাসন খাতের উন্নয়ন, জাতীয় ভবন বিধিমালা, নগর উন্নয়ন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থা এবং জনসাধারণের ব্যবহারের উন্মুক্ত স্থান ও পার্ক উন্নয়নসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানান, তার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের আবাসন খাতের উন্নয়নে কাজ করতে আগ্রহী।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী দেশে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে ‘বাংলাদেশ ভূমিকম্প নিরাপত্তা ও গবেষণা প্রতিষ্ঠান’ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব আবুল বাকের মো. তৌহিদ এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।



banner close
banner close