শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তারা সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় বিহঙ্গ পরিবহনের একটি বাসে ভাঙচুরের ঘটনাও ঘটে।
ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাসটির চালক রবিউল ইসলাম বলেন, আন্দোলনকারীরা তার বাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে এবং বাসের চাবিও নিয়ে গেছে। তিনি বলেন, এ ঘটনার পর ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীকে বাসে তুলবেন না, প্রয়োজনে পরিবহন খাতের চাকরিও ছেড়ে দেবেন।
এর আগে মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।
সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে। তবে কিছুক্ষণ পর তারা আবারও সংসদ ভবনের সামনে সমবেত হয়ে সড়ক অবরোধ করেন।
এদিকে আন্দোলনের মধ্যেই শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি তার আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
আরও পড়ুন:








