মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

সংসদ ভবনে ঢোকার চেষ্টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ২০:০৫

শেয়ার

সংসদ ভবনে ঢোকার চেষ্টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠিচার্জ
ছবি সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সংসদ ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা অধিবেশন চলাকালে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। পরে তাদের একটি অংশ সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

প্রথমে পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জের মুখে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদ গেট পর্যন্ত সরিয়ে দেয়। আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।



banner close
banner close