মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: এদের খুঁটির জোর কোথায়-জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১২:২৮

শেয়ার

ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: এদের খুঁটির জোর কোথায়-জামায়াত আমির
ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং ৩৫ লাখ টাকা লুটের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় প্রকাশ এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রামের ওই প্রতিষ্ঠানে হামলা চালানো ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করা উচিত। একই সঙ্গে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, কঠোর শাস্তি নিশ্চিত হবে কি না তা নিয়ে তার সংশয় রয়েছে। সরকারের পক্ষে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’

এর আগে সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ ওঠে।

প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুন সংবাদমাধ্যমকে জানান, ঘটনার দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে ডেভিড ইমন (মোবারক হোসেন ইমন) পরিচয়ে ফোন করে তার কাছে এককালীন দুই কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।



banner close
banner close