রবিবার

১২ জুলাই, ২০২৬ ২৮ আষাঢ়, ১৪৩৩

হাসিনার সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ২০:৪২

শেয়ার

হাসিনার সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি। রবিবার (১২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে পারস্পরিক সমঝোতা এবং কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। তিনি বাংলাদেশের মাটিতে পা রাখামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে এবং সরাসরি কারাগারে পাঠানো হবে।

তিনি আরও বলেন, দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন হওয়ার নজির নেই। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হলে বা তাকে বাংলাদেশে পাওয়া গেলে মৃত্যুদণ্ডাদেশের কারণে প্রথমে তাকে কারাগারে নেওয়া হবে। এরপর তিনি আপিল করতে পারবেন কি না, সে বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে।

চিফ প্রসিকিউটর আরও জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডসংক্রান্ত মামলার তদন্ত শেষ হয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এ ছাড়া, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত প্রধান ১০টি মামলার তদন্তও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসব মামলার তদন্ত প্রতিবেদনও শিগগিরই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান তিনি।



banner close
banner close