রবিবার

১২ জুলাই, ২০২৬ ২৮ আষাঢ়, ১৪৩৩

হামে শিশুমৃত্যু: মামলা নিলেন না আদালত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ২০:৩২

শেয়ার

হামে শিশুমৃত্যু: মামলা নিলেন না আদালত
ছবি সংগৃহীত

হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত। মামলা গ্রহণের মতো উপাদান না থাকায় আবেদনটি নাকচ করা হয়েছে। রবিবার (১২ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক জানান, মামলা গ্রহণের মতো উপাদান না থাকায় আদালত আবেদনটি খারিজ করেছেন।

এর আগে গত ৫ জুলাই হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ মাস বয়সী সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম আদালতে মামলার আবেদন করেন। সেদিন বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন। পরে রবিবার (১২ জুলাই) আদেশ ঘোষণার দিন নির্ধারণ করা হয়।

মামলার আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন জানানো হয়।

আবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ও মার্চের শুরুতে শরীয়তপুর সদরের ৯ মাস বয়সী সাউদা মুসকান মারাত্মক জ্বরে আক্রান্ত হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ তুলে ২২ মার্চ শিশুটিকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আবেদনে আরও বলা হয়, সেখানে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ২৬ মার্চ শিশুটির মায়ের হাতে একটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে তা শিশুর মুখে লাগাতে বলা হয়। তিনি তা করতে ব্যর্থ হলে কর্তব্যরত চিকিৎসক এক পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে অক্সিজেন প্রয়োগ করান। এর প্রায় দুই ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়।

মামলার আবেদনে আরও দাবি করা হয়, শিশুদের টিকা সময়মতো সরবরাহ না থাকা, হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা এবং টিকা সংগ্রহ ও প্রয়োগে অন্তর্বর্তী সরকারের অবহেলার কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে সাউদা মুসকানও একজন। আবেদনে আরও বলা হয়, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তিরা হামজনিত শিশুমৃত্যু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেননি। এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়। প্রদত্ত তথ্যানুযায়ী, এর আগে একই ধরনের অভিযোগে মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঢাকার আদালতে করা একাধিক মামলার আবেদনও খারিজ হয়েছে।



banner close
banner close