বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) ভোরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনের একজন প্রবীণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি দুই দফা জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দুইবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে তার জন্ম। তার বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেছা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে যুক্তরাজ্যে গিয়ে Lincoln's Inn থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের আইনজীবী হিসেবে সুনাম অর্জন করেন।
ছাত্রজীবনে ১৯৪৫ সালে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে তিনি ন্যাপের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর উদ্যোগে গঠিত জাগদলে যোগ দেন এবং বিএনপি প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করে আসছিলেন।
২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালে মোট পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পঞ্চগড়-১, ঢাকা-৯, বগুড়া-৬ ও দিনাজপুর-১ আসন থেকে জনগণের প্রতিনিধিত্ব করেন। বিভিন্ন সময়ে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে জমির উদ্দিন সরকার স্ত্রী নূর আখতার, এক কন্যা নিলুফার জমির এবং দুই পুত্র নওশাদ জমির ও নওফল জমির রেখে গেছেন। তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
আরও পড়ুন:








