শনিবার

১১ জুলাই, ২০২৬ ২৭ আষাঢ়, ১৪৩৩

রংপুর দখলের কথা বললে আমরা কলকাতা দখল করব: কর্নেল অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ১৮:৪০

আপডেট: ১১ জুলাই, ২০২৬ ১৮:৪৪

শেয়ার

রংপুর দখলের কথা বললে আমরা কলকাতা দখল করব: কর্নেল অলি আহমদ
ছবি সংগৃহীত

ভারতের প্রতি কঠোর বার্তা দিয়ে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, কেউ যদি রংপুর দখলের কথা বলে, তাহলে বাংলাদেশ থেকেও কলকাতা দখলের কথা বলা হবে। একই সঙ্গে তিনি সীমান্তে পুশইন, অভিন্ন নদীর পানিবণ্টন এবং কাঁটাতারের বেড়া নিয়ে ভারতের সমালোচনা করেন।

শনিবার (১১ জুলাই) গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্তে পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, ভারতের দাস-দাসীরা দিল্লিতে অবস্থান করছে এবং বাংলাদেশে এখন তাদের রাজত্ব নেই। তিনি রংপুরবাসীর উদ্দেশে বলেন, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের আত্মত্যাগ দেশের মানুষের জন্য অনুপ্রেরণা এবং দেশের স্বার্থে প্রয়োজনে আত্মত্যাগের মানসিকতা ধারণ করতে হবে।

ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে এসে একই আকাশ ও একই বাতাসের কথা বললেও বাস্তবে সীমান্তে কাঁটাতারের বেড়া, পুশইন এবং অভিন্ন নদীর পানিবণ্টনে বৈষম্য বজায় রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যদি বাংলাদেশকে সত্যিই বন্ধু হিসেবে দেখা হয়, তাহলে ফারাক্কা ও তিস্তার পানির ন্যায্য হিস্যা কেন নিশ্চিত করা হচ্ছে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে উড়োজাহাজ, ট্যাঙ্ক বা আর্টিলারি কেনা সম্পূর্ণ দেশের নিজস্ব সিদ্ধান্ত এবং এ বিষয়ে অন্য কোনো দেশের আপত্তির সুযোগ নেই।

বক্তব্যের এক পর্যায়ে কর্নেল অলি বলেন, কেউ যদি রংপুর দখলের কথা বলে, তাহলে বাংলাদেশ থেকেও কলকাতা দখলের কথা বলা হবে। পাশাপাশি তিনি সীমান্তে পুশইন বন্ধ, কাঁটাতারের বেড়া অপসারণ এবং পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।



banner close
banner close