সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার ধাত্রী (মিডওয়াইফ) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, এসব ধাত্রী গর্ভবতী মায়েদের স্বাভাবিক (নরমাল) প্রসবে উৎসাহিত করবেন এবং মাতৃস্বাস্থ্যসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবেন।
শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। সরকারি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য অপ্রয়োজনে ঢাকায় আসতে না হয়, সে জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা নিশ্চিত করতে হবে। এতে স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসা পাওয়া সহজ হবে এবং রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপও কমবে।
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই হাসপাতাল ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
আরও পড়ুন:








