আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন দিন দেশের পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে কয়েকটি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি কোথাও কোথাও নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
চট্টগ্রাম বিভাগে গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এর ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকায় এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে। লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কাও রয়েছে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই, খোয়াই, কংস, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানিও দ্রুত বাড়তে পারে। ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে এসব নদীর পানিও দ্রুত বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
এছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:








