বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

ঢাকার বাইরে রাত না কাটাতে প্রধানমন্ত্রীকে কর্নেল অলির পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১৯:০৭

শেয়ার

ঢাকার বাইরে রাত না কাটাতে প্রধানমন্ত্রীকে কর্নেল অলির পরামর্শ
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন অলি আহমেদ। বুধবার দুপুরে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তন-এ ১১ দলের আয়োজিত এক সেমিনারে তিনি এ পরামর্শ দেন।

সেমিনারে প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমেদ বলেন, বাংলাদেশে অবস্থানকারী বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া সরকারের অন্যতম দায়িত্ব হওয়া উচিত। তার দাবি, এসব ব্যক্তির কারণে সরকার ও দেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি খালেদা জিয়া-র সন্তান হিসেবে সংস্কার উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান তিনি।

অলি আহমেদ বলেন, চারদিকে শত্রু রেখে দেশ পরিচালনা করা সম্ভব নয়। তার ভাষ্য, প্রকাশ্য সমালোচকদের চেয়ে প্রধানমন্ত্রীর আশপাশে থাকা ব্যক্তিরাই বড় ঝুঁকির কারণ হতে পারেন।

তিনি আরও দাবি করেন, সরকার ও ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে বিদেশি গুপ্তচর রয়েছে এবং তারা যেকোনো সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের বড় ধরনের ক্ষতি করতে পারে। এ ধরনের ব্যক্তিদের দল থেকে অপসারণের পরামর্শ দেন তিনি।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলডিপি চেয়ারম্যান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, বিভিন্ন স্থানে চাঁদাবাজির ঘটনা ঘটছে, অর্থনৈতিক অবস্থাও ভালো নয় এবং নতুন বিনিয়োগ আসছে না। এসব কারণে প্রধানমন্ত্রী বর্তমানে ভালো অবস্থানে নেই বলেও মন্তব্য করেন তিনি।



banner close
banner close