বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

সমুদ্রপথে ইতালিযাত্রায় শীর্ষে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১২:২৭

শেয়ার

সমুদ্রপথে ইতালিযাত্রায় শীর্ষে বাংলাদেশিরা
ছবি সংগৃহীত

চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে অবৈধভাবে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে দেশটিতে পৌঁছানো মোট অভিবাসীর প্রায় এক-তৃতীয়াংশই বাংলাদেশের নাগরিক।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত বিভিন্ন দেশের মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী ইতালির উপকূলে পৌঁছেছেন। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ৪ হাজার ৩১৪ জন, যা মোট আগমনকারীর প্রায় এক-তৃতীয়াংশ।

পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশের পর সবচেয়ে বেশি অভিবাসী এসেছে সোমালিয়া থেকে। এরপর রয়েছে সুদান, পাকিস্তান, আলজেরিয়া, মিশর, ইরিত্রিয়া, তিউনিসিয়া, মালি ও নাইজেরিয়াসহ আরও কয়েকটি দেশ। এছাড়া ১ হাজার ১৬৩ জন অভিবাসীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

তবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত দুই বছরের একই সময়ের তুলনায় চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ইতালিতে পৌঁছেছিলেন ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী। চলতি বছরের একই সময়ে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২৩ জনে, যা গত বছরের তুলনায় প্রায় ৫৩ শতাংশ কম। ২০২৪ সালের একই সময়ের তুলনায়ও এ সংখ্যা প্রায় ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিটি মাসেই অভিবাসী আগমনের সংখ্যা আগের দুই বছরের তুলনায় কম ছিল। তবে এসব পরিসংখ্যান প্রাথমিক নথির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। ফলে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত হিসাবে কিছু পরিবর্তন আসতে পারে।



banner close
banner close