বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

জাতিসংঘে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১২:১২

শেয়ার

জাতিসংঘে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক বৈঠক
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, মাদক পাচার প্রতিরোধ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপরদিকে পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী।

আলোচনায় দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা জোরদার, মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চলতি বছরের মে মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, ওই সফরের ধারাবাহিকতায় মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক দুই দেশের সীমান্ত নিরাপত্তা এবং সমাজকে সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৪ বছর বিরতির পর চলতি বছরের জানুয়ারি থেকে ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।



banner close
banner close