ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন এখনও প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। এ কারণে কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।
বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটির চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রা বাতিল করা হয়েছে। পরে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে, বুধবার ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ভোররাত থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা কমে না আসা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আটকে পড়া যাত্রীদের মধ্যে যারা টিকিটের মূল্য ফেরত নিতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারবেন। এছাড়া যারা ঢাকায় ফিরতে ইচ্ছুক, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
আরও পড়ুন:








