বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

সময় টিভির পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ২৩:০৭

শেয়ার

সময় টিভির পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি সংগৃহীত

বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের পরিচালক ও সিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হাসান, প্রতিষ্ঠানটির সাবেক হেড অব মার্কেটিং আহসানুল ইসলাম এবং মার্কেটিং বিভাগের সাবেক সিনিয়র ম্যানেজার আয়েশা সিদ্দিকাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইশরাত জাহানের আদালত এ পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালত এ আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, সময় টেলিভিশনের বিজ্ঞাপনের বিল বাবদ আয় করা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এতে মার্কেটিং বিভাগের সাবেক প্রধান আহসানুল ইসলাম ও সাবেক সিনিয়র ম্যানেজার আয়েশা সিদ্দিকা সরাসরি জড়িত ছিলেন এবং তাদের এ কাজে সহায়তা করেন সময় টেলিভিশনের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক মোহাম্মদ হাসান।

মামলায় আরও বলা হয়েছে, অভিযুক্তরা কোম্পানিতে নিজেদের উচ্চ পদ ও ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় সব আসামিকে মঙ্গলবার (৭ জুলাই) আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে তারা কেউ আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।,



আরও পড়ুন: