সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ১০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং উভয় দেশের ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা বাংলাদেশিরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের তোবা কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগের পর বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০), ডিয়ার মানিক চর এলাকার মো. আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলাকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার মো. সাজাদ (২১), মো. রুবেল মিয়া (৩৫), মো. আল মামুন (২৮), শেরপুরের ঘুগুরাকান্দি এলাকার মো. মনিরুল ইসলাম (২২), নেত্রকোনার বিজয়পুর এলাকার রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪) এবং কাজিমুদ্দিন (২৪)।
বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ১০ বাংলাদেশিকে থানা পুলিশের মাধ্যমে তাদের স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








