মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নে ধলেশ্বরী নদীর তীরে সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী সেনা প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ৪২ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত মাদরাসাতুল মনোয়ারা কমপ্লেক্সের পেছনে ধলেশ্বরী নদীর তীরবর্তী হায়দারের কাঠবাগান এলাকায় স্থাপিত ৮ বীরের অস্থায়ী সেনা প্রশিক্ষণ ক্যাম্পে তিনি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশ ও জনগণের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নিরাপত্তা বিঘ্ন বা জনভোগান্তির খবর পাওয়া যায়নি।
এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস. এম. আসাদুল হক, ৮১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মোহাম্মদ জিয়াউদ্দিন, ৭১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সাওয়ার আলমসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে ঢাকার পথে রওনা দেন।
আরও পড়ুন:








