দেশের চার জেলায় ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনায় ৯ জনের মৃত্যুদণ্ড এবং ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জামালপুরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় সাতজন, খাগড়াছড়িতে মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় একজন ও নোয়াখালীতে শিশুধর্ষণের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপরদিকে শরীয়তপুরে ছাত্রী ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে দুজনকে খালাস এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ ।
জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মামলার অপর আসামি ইদ্রিস আলীকে খালাস দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
খাগড়াছড়ি
খাগড়াছড়িতে দ্বিতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়। অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটনার মাত্র ১১ মাস ১৪ দিনের মাথায় এ মামলার রায় দেয়া হলো। মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষে ১০ জন এবং আসামিপক্ষে ৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত এ সিদ্ধান্ত নেয়।
নোয়াখালী
নোয়াখালীর চাটখিলে আলোচিত শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় জেঠাতো ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলার বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন।
নোয়াখালীর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সেলিম শাহী বলেন, আদেশে মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রাখতে বলা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
শরীয়তপুর
শরীয়তপুরের জাজিরার আলোচিত পঞ্চম শ্রেণির ছাত্রী রিমা হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে দুজনকে খালাস এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া দুজন হলেন স্বপ্না বেগম ও সেলিম চৌকিদার। চুন্নু মোড়ল ও নুরু মোড়লকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
২০১৯ সালের ৭ মে শিশু রিমাকে ধর্ষণের পর হত্যার দায়ে চারজনকে ফাঁসির আদেশ দেয় শরিয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন:








