রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ১৫:২১

শেয়ার

হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন
ছবি সংগৃহীত

হামের প্রাদুর্ভাবে এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি।

মামলার আবেদনে অন্য আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আবেদনে সিরাজুল ইসলাম উল্লেখ করেন, তার ৯ মাস বয়সী শিশুকন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। একই সঙ্গে, সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং পরবর্তীতে হামে আক্রান্ত হয়ে মারা যায় বলে তিনি অভিযোগ করেন।

মামলার আবেদনে আরও বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। বাদীর দাবি, এ অবহেলার কারণে দেশজুড়ে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এছাড়া, সংশ্লিষ্টদের কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও নাগরিকের জীবন রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং আইনগত দায়িত্বে অবহেলার শামিল বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে উল্লেখ্য, এগুলো মামলার আবেদনে বাদীর উত্থাপিত অভিযোগ। এ বিষয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্ত দেননি এবং অভিযোগগুলো বিচারিকভাবে প্রমাণিত নয়।



banner close
banner close