শনিবার

৪ জুলাই, ২০২৬ ২০ আষাঢ়, ১৪৩৩

ফিরে দেখা ৪ জুলাই: কোটা আন্দোলনে দেশব্যাপী অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ০৭:২৯

শেয়ার

ফিরে দেখা ৪ জুলাই: কোটা আন্দোলনে দেশব্যাপী অবরোধ
ছবি সংগৃহীত

বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪) সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রবল বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে রাখা হয়। একই দাবিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ নিজ এলাকার মহাসড়ক অবরোধ করেন।

আপিল বিভাগ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর আগে গত ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালের পরিপত্রকে অবৈধ ঘোষণা করায় ৯ম থেকে ১৩তম গ্রেডের চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেন।

আন্দোলনকারীরা বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন হল ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। সেখানে টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা অবরোধ চলার পর সন্ধ্যা ৬টায় কর্মসূচি সমাপ্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আগামীকাল থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আন্দোলন সমন্বয়ের লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কোটা পুনর্বহাল করা চলবে না শিরোনামে গ্রুপ খুলে দেশব্যাপী যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

রাজধানীর অন্যান্য স্থানেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড় অবরোধ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঢাকার বাইরেও বড় ধরনের কর্মসূচি পালিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনার জিরো পয়েন্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। কয়েকটি হলের গেটে তালা ঝুলিয়ে দেয়া এবং শিক্ষার্থীদের আটকে রাখার তথ্য পাওয়া গেছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে হলের সামনে গেলে তালা খুলে দেয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম পরবর্তী কর্মসূচি ঘোষণা করে জানান, ৫ জুলাই সারাদেশে অনলাইন ও অফলাইনে জনসংযোগ ও সমন্বয় কর্মসূচি পালিত হবে। ৬ জুলাই দেশব্যাপী বিক্ষোভ এবং ৭ জুলাই সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনের মাধ্যমে ছাত্র ধর্মঘট পালন করা হবে। ৪ জুলাইয়ে দেশব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে কোটা সংস্কারের দাবি একটি সমন্বিত আন্দোলনে রূপ নিয়েছে।



banner close
banner close