বুধবার

১ জুলাই, ২০২৬ ১৭ আষাঢ়, ১৪৩৩

নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু পুলিশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১৮:০১

আপডেট: ১ জুলাই, ২০২৬ ১৮:০২

শেয়ার

নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু পুলিশের
ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। পূর্ববর্তী ‘লোহা-ধূসর’ (আইরন গ্রে) রঙের পোশাকের পরিবর্তে বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যরা গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন।

নতুন ইউনিফর্ম কার্যকরের প্রথম দিনেই দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা যায়। একাধিক পুলিশ সদস্য জানান, নতুন পোশাকটি তাদের কাছে তুলনামূলকভাবে বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ মনে হচ্ছে। তাদের মতে, পূর্ববর্তী ইউনিফর্মটি বাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য ও ভাবমূর্তির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না।

এদিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়। উভয়ের প্যান্ট ছিল খাকি রঙের।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, বুধবার থেকে পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন। তবে এখনও সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছেনি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন এবং যারা ইতোমধ্যে পেয়েছেন, তারা তা পরেই দায়িত্ব পালন করছেন।

পুলিশ সদর দপ্তর গত ১৮ জুন ইউনিফর্মের রঙ পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন নির্দেশনায় শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাক, হিজাব এবং পূর্ণহাতা পোশাকের রঙেও পরিবর্তন আনা হয়েছে। এর আগে শার্টের রঙ ছিল লোহা-ধূসর এবং প্যান্টের রঙ ছিল কফি-বাদামি ধূসর।

প্রজ্ঞাপন অনুযায়ী জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের প্যান্ট হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিকের। শার্টের সামনে চারটি পকেট ও সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।

শীতকালীন পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। আগে লোহা-ধূসর শার্টের ওপর একই রঙের ফুলহাতা জার্সি বা কার্ডিগান ব্যবহারের বিধান থাকলেও এখন গাঢ় নীল শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের জার্সি বা কার্ডিগান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরিধানের বিধান বহাল রাখা হয়েছে।

নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত গাঢ় নীল রঙের হিজাব ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমতি সাপেক্ষে সাধারণ পোশাক পরিধানের সুযোগও রাখা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জোরালো হয়। এর অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের ইউনিফর্মের রঙ ‘লোহা-ধূসর’ নির্ধারণ করা হয় এবং ২৫ নভেম্বর থেকে সেই পোশাক ব্যবহার শুরু হয়।

তবে ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্য ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও পোশাকটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। এমন পরিস্থিতিতে কয়েক মাসের ব্যবধানে আবারও পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হলো।



banner close
banner close