বুধবার

১ জুলাই, ২০২৬ ১৭ আষাঢ়, ১৪৩৩

সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১৪:১৯

শেয়ার

সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

আধুনিক বিশ্বে নিরাপত্তার প্রচলিত ধারণা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে কোনো প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটার ব্যবস্থাকে হ্যাকারমুক্ত রাখা এবং দীর্ঘ সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অধিক গুরুত্বপূর্ণ।

বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এএম সাজ্জাদ মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ এখন আর শুধু সমরাস্ত্রের বিষয় নয় এবং যোগাযোগও কেবল মানুষের কণ্ঠস্বর বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেখিয়ে দিয়েছে কীভাবে ডিজিটাল কারসাজির মাধ্যমে একটি দেশের নিরাপত্তা ও আর্থিক ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে।

তিনি আনসার বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে প্রচলিত চিন্তার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে আধুনিক ও সময়োপযোগী উপায়ে জাতীয় উন্নয়নের কাজে সম্পৃক্ত করার উদ্যোগের প্রশংসা করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের তথ্য ব্যবস্থাপনা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আনসার বাহিনীর তৈরি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্ম ভূমিকা রাখতে পারে। অ্যানালগ ও ডিজিটাল পদ্ধতির পার্থক্য অনুধাবন করে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে ডিজিটাল নেতৃত্ব গ্রহণের জন্য তিনি বাহিনীর নেতৃত্বকে অভিনন্দন জানান।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল ধারার প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় জ্ঞান ও চিন্তাকে স্থির রাখার সুযোগ নেই। পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চিন্তা ও দক্ষতার ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে হবে। অন্যথায় আজকের আধুনিক ব্যক্তি আগামীকালই পিছিয়ে পড়তে পারেন।

তিনি আরও বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মটি অন্যান্য সরকারি দপ্তরের জন্যও অনুসরণযোগ্য একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাবিবুর রশিদ। অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



banner close
banner close