বুধবার

১ জুলাই, ২০২৬ ১৭ আষাঢ়, ১৪৩৩

পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১২:১২

আপডেট: ১ জুলাই, ২০২৬ ১২:১২

শেয়ার

পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত
ছবি সংগৃহীত

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা জোরদারে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আইজিপি বলেন, পূর্বাচলে আইনশৃঙ্খলা রক্ষার সক্ষমতা বাড়াতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় একাধিক অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনার আওতায় চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডেপুটি কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপন করা হবে।

তিনি জানান, এসব স্থাপনার জন্য ইতোমধ্যে পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

মো. আলী হোসেন ফকির বলেন, ভবিষ্যতে পূর্বাচল এলাকাকে ঢাকা মহানগর পুলিশের আওতায় পৃথক একটি প্রশাসনিক কাঠামো হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ওই কাঠামোর নেতৃত্বে একজন অতিরিক্ত পুলিশ কমিশনার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল নিয়োগেরও প্রস্তাব রয়েছে। অনুষ্ঠানে মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।



banner close
banner close