রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
বুধবার (১ জুলাই) রাজধানীর শেওরাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক সমস্যা সমাধানবিষয়ক একটি অভিযান শেষে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো বিভিন্ন সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও দায়ী। তিনি বলেন, অনেক সময় মানুষ নিজেদের বর্জ্য ড্রেনে ফেলে, যা ড্রেনেজ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে এবং জলাবদ্ধতার সৃষ্টি করে। সরকার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করলেও নাগরিকদেরও তা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে দায়িত্বশীল হতে হবে।
তিনি বর্জ্য ড্রেনে না ফেলার আহ্বান জানিয়ে বলেন, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে অনেক নাগরিক সমস্যার সমাধান সম্ভব।
বিদ্যুৎ সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এসব সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি পরিবারগুলোকে সন্তানদের চলাফেরা ও তাদের সঙ্গীদের বিষয়ে সচেতন থাকার পরামর্শও দেন।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডা. শফিকুর রহমানের মতো দূরদর্শী নেতা অতীতে সংসদে ছিলেন কি না, তা তার জানা নেই। তিনি আরও বলেন, নিজ এলাকার দায়িত্ব পালনের ক্ষেত্রেও ডা. শফিকুর রহমান সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
আরও পড়ুন:








