ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজায় অংশ নিতে ইরান সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হবেন।
মঙ্গলবার (৩০ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন।
শায়রুল কবির খান আরও বলেন, খামেনির জানাজায় অংশ নিতে আগামী ২ জুলাই ঢাকা ত্যাগ করবেন স্পিকার। এছাড়া জাতীয় সংসদের কয়েকজন সদস্যও ব্যক্তিগত উদ্যোগে ইরান সফরে গিয়ে জানাজা ও সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
এদিকে, ইরানের কর্তৃপক্ষ আশা করছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ৪ জুলাই তেহরান ও কোমে রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হবে। অন্যদিকে, বার্তা সংস্থা মেহর নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে আগামী ৯ জুলাই খামেনির দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মাশহাদই তার জন্মস্থান।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়।
আরও পড়ুন:








