দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের জনগণের তিস্তা ও পানিসংকট নিয়ে উদ্বেগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এর স্থায়ী সমাধানে বদ্ধপরিকর। তিনি জানান, বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে গত তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে।
নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের প্রথম সপ্তাহেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দিতে বিশেষ কৃষক কার্ড চালুর কাজ চলছে। এর মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা সহায়তার পাশাপাশি আরও ১০টি সুবিধা দেওয়া হবে। আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষকের হাতে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী অর্থনীতির নতুন সম্ভাবনা হিসেবে চলচ্চিত্র, থিয়েটার, সংগীত, ওটিটি, ডিজিটাল কনটেন্ট, গেমিং, ফ্যাশন ও সফটওয়্যার খাতকে ‘ক্রিয়েটিভ ইকোনমি’র আওতায় আনার পরিকল্পনার কথাও জানান। তাঁর মতে, এসব খাতে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
ক্রীড়া উন্নয়নে প্রথমবারের মতো সফল খেলোয়াড়দের জন্য জাতীয় সম্মানী কাঠামো চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে জাতীয় শিক্ষা কারিকুলামে খেলাধুলাকে স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’র আদলে একটি নতুন স্পোর্টস কর্মসূচি চালু হয়েছে।
প্রবাসী কল্যাণের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, নতুন শ্রমবাজার সৃষ্টি এবং প্রবাসীদের সেবা সহজ করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে।
জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, দেশীয় গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর মাধ্যমে খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ, শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছে। তাঁর ভাষায়, যুবসমাজের স্বপ্নের একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।,
আরও পড়ুন:








