জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা এবং মায়া ও নাদিম ইসলামকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল রবিবার (২৮ জুন) এ মামলার রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
আলোচিত এ মামলার আসামিরা হলেন সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া এবং সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকি চার আসামি পলাতক রয়েছেন।
মামলায় মোট ১৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত বছরের ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
প্রসিকিউশনের দাবি, উপস্থাপিত তথ্য-প্রমাণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করা হচ্ছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।
বহুল আলোচিত এ মামলার রায়কে জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন:








