বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশিদের বৈধতা ও নতুন নিয়োগের ইতিবাচক আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৯:৫৪

শেয়ার

মালয়েশিয়ায় বাংলাদেশিদের বৈধতা ও নতুন নিয়োগের ইতিবাচক আশ্বাস
ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা প্রদান এবং নতুন কর্মী নিয়োগ পুনরায় শুরু করার বিষয়ে দেশটির সরকার ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৭ জুন) সচিবালয়ে মালয়েশিয়া ও চীন সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশি কর্মীদের নতুন করে নিয়োগ দেওয়া এবং দেশটিতে বর্তমানে অনিয়মিতভাবে অবস্থানরত কর্মীদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এছাড়া রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধানে মালয়েশিয়া বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ লাভের প্রচেষ্টায় মালয়েশিয়া পূর্ণ সমর্থন জানাবে বলেও আশ্বাস প্রদান করেছে।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক বর্তমানে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শেয়ার করা মহাজাদু গানটি দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে কাজ করছে।

চীন সফর প্রসঙ্গে খলিলুর রহমান জানান, বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন সরকার তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এই প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে উভয় দেশ যৌথভাবে সম্ভাব্যতা সমীক্ষা বা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করার বিষয়ে একমত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর মতে, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও সুদৃঢ় ও গভীর হয়েছে।