শনিবার

২৭ জুন, ২০২৬ ১৩ আষাঢ়, ১৪৩৩

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১১:২৬

শেয়ার

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে ইসি
ছবি সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সঠিক ও হালনাগাদ রাখতে ১৫ বছর পর পর কার্ড নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। বর্তমান আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে নাগরিকদের পরিচয় শনাক্তকরণে জটিলতা এড়াতে এই বিধান কার্যকর করার বিষয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, দীর্ঘ ১৫ বছরে একজন মানুষের মুখাবয়ব ও আঙুলের ছাপসহ বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যে পরিবর্তন আসতে পারে। এছাড়া অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন বা অন্যান্য কারণে পরিচয় শনাক্তকরণে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এনআইডির তথ্য নির্দিষ্ট সময় পরপর হালনাগাদ করা প্রয়োজন বলে মনে করছে কমিশন।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ এর ৭(১) ধারা অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত কার্যকর থাকে। আইনের ২ ধারায় উল্লেখ করা হয়েছে যে, পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে বা পরে নবায়নের জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের কাছে আবেদন করতে হবে।

জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ বিধি অনুযায়ী, নবায়নের জন্য নাগরিক বা তার আইনানুগ অভিভাবককে ফরম-৫ পূরণ করে সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি আবেদনের ক্ষেত্রে বিধি ৮-এর উপবিধি (২) অনুসারে নির্ধারিত ফি পরিশোধের রসিদ সংযুক্ত করে জরুরি বা সাধারণ হিসেবে দাখিল করার নিয়ম রয়েছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রেও একই প্রক্রিয়ায় ফির স্ক্যান কপি জমা দিতে হবে।

বিধিমালা অনুযায়ী, সাধারণ নবায়ন আবেদন নিষ্পত্তির সময় ৩০ দিন এবং জরুরি আবেদন ৭ দিনের মধ্যে সম্পন্ন করার বিধান রয়েছে। সাধারণ আবেদনের জন্য ১০০ টাকা এবং জরুরি আবেদনের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ড সংগ্রহের ফি তুলনামূলক বেশি। সে ক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদনে ২০০ ও জরুরি আবেদনে ৩০০ টাকা থেকে শুরু করে পরবর্তী আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত ফি প্রযোজ্য হয়।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, এনআইডি নবায়নের বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। বর্তমানে যেকোনো নাগরিক প্রয়োজনে আবেদন করে এনআইডি নবায়ন বা নতুন কার্ড সংগ্রহ করতে পারছেন।

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানান, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে। সব দিক বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



banner close
banner close