পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হওয়া ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
পুরো হোসেনি দালান ও আশপাশের এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য যে কোনো নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সোয়াত, র্যাব ও পুলিশ সদস্যরা।
শুক্রবার সকালে সরেজমিনে পুরান ঢাকার হোসেনি দালান ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সেখানে দেখা যায়, এলাকাজুড়ে পোশাকধারী ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে হোসেনি দালানের প্রবেশমুখে অবস্থান নিয়েছেন সোয়াত সদস্যরা। র্যাব ও পুলিশের সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এদিন সকাল থেকেই শিয়া সম্প্রদায়ের মানুষদের হোসেনি দালানে জড়ো হয়ে তাজিয়া মিছিলের প্রস্তুতি নিতে দেখা যায়। কালো পোশাকে নারী-পুরুষ ও শিশুরা ইমাম হাসান (রা.) এবং ইমাম হুসাইন (রা.)সহ কারবালার শহীদদের স্মরণে শোক পালন করছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে নির্ধারিত সময়ে হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:








