বৃহস্পতিবার

২৫ জুন, ২০২৬ ১১ আষাঢ়, ১৪৩৩

ভারতকে প্রতিহত করতে চীনের সাথে চুক্তির আহ্বান: শাহরিয়ার কবিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ০৭:১৮

আপডেট: ২৫ জুন, ২০২৬ ০৭:৪৪

শেয়ার

ভারতকে প্রতিহত করতে চীনের সাথে চুক্তির আহ্বান: শাহরিয়ার কবিরের
ছবি সংগৃহীত

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা বর্তমানে চরম সংকটে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। বাংলা এডিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে শাহরিয়ার কবির অভিযোগ করেন, একটি সুপরিকল্পিত মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন, সনাতন ধর্মের আড়ালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামক ব্যানার ব্যবহার করে একটি পক্ষ মুসলমানদের বিরুদ্ধে উসকানি দিচ্ছে এবং তাদের চিহ্নিত করার দাবি জানান তিনি। তিনি অভিযোগ করেন, ভারতের নির্দেশে এই সংগঠনের নাম দিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভারতের আগ্রাসী তৎপরতা থেকে দেশকে রক্ষা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চীনের সাথে প্রতিরক্ষা চুক্তি সইয়ের আহ্বান জানান এই আইনজীবী। একই সাথে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন।

বাংলাদেশ ভেঙে হিন্দু প্রদেশ গঠনের চেষ্টাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার অনুরোধ জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক প্রেস কনফারেন্সের প্রশংসা করে তিনি বলেন, ভারতের সাথে কোনো আপস করা হবে না। তিনি দেশদ্রোহী হিসেবে চিহ্নিত একটি পক্ষের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান।

নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল প্রতিহত করার দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে কোনোভাবেই আরেকটি গাজা বা ফিলিস্তিন হতে দেওয়া হবে না।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর "অখণ্ড ভারত" সংক্রান্ত বক্তব্য এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন শাহরিয়ার কবির। তিনি প্রশ্ন তোলেন, কোনো মুসলমান ভারতে গিয়ে এভাবে আলাদা প্রদেশ দাবি করতে পারবে কিনা। তিনি দাবি করেন, শুভেন্দু অধিকারীর এজেন্ডা আওয়ামী লীগ বাংলাদেশে বাস্তবায়ন করছে।

ভারতের আধিপত্য ও কথিত ষড়যন্ত্র প্রতিরোধে গত বছরের জুলাই আন্দোলনের আদলে দেশবাসীকে আবারও প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি অভিযোগ করেন, ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

গাইবান্ধার পলাশবাড়ীতে সংঘটিত একটি ঘটনা এবং সংশ্লিষ্ট উসকানিমূলক প্রচারণা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও প্রশ্ন তোলেন, শহীদ ওসমান হাদিকে জঙ্গি বলে চিহ্নিতকরণ ও ৫ আগস্টকে একটি পক্ষের পুলিশ হত্যা দিবস" ঘোষণার বিষয়ে সরকার কেন নীরব।

সাক্ষাৎকারের শেষ দিকে শাহরিয়ার কবির অভিযোগ করেন, বিএনপির একটি অংশ আওয়ামী লীগকে সুযোগ দিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার বাবার মতো অতিরিক্ত উদারতা প্রদর্শন না করার আহ্বান জানিয়ে দেশের অস্তিত্ব রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।



banner close
banner close