বুধবার

২৪ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১২:০৭

শেয়ার

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ
ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুর্নীতি মামলার ১০ আসামিকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তালিকায় সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ছাড়াও সাবেক ভূমিমন্ত্রী ও দেশের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়ী গ্রুপের কর্ণধাররা রয়েছেন।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ রেড নোটিশের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া তালিকায় রয়েছেন যুক্তরাজ্যে বিপুল সম্পদের পাহাড় গড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামান। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী এবং দুই ভাইয়ের বিরুদ্ধেও রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

সম্প্রতি ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশের হাতে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার হওয়ার পর বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দুদক ইতোমধ্যে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে।

পলাতক আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়ার বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান তার পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক বিবেচনায় কোনো আসামিকে বিদেশ থেকে ফিরিয়ে আনা কঠিন হলেও দুর্নীতির সুনির্দিষ্ট মামলা থাকলে সেই প্রক্রিয়া তুলনামূলক সহজ হয়। তবে আইনি ও কূটনৈতিক জটিলতা অনেক সময় এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে।

দুদক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন মঞ্জুর করা হয়েছিল। তবে আইনি জটিলতার কারণে সংস্থাটি এখনো ইন্টারপোলের কাছে চূড়ান্ত চিঠি পাঠাতে সক্ষম হয়নি। শেখ হাসিনাসহ অন্যদের ক্ষেত্রেও একই ধরনের আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন।

বর্তমানে এই ১০ আসামির বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইন্টারপোলের সদর দপ্তরে পাঠানোর কাজ করছে দুর্নীতি দমন কমিশন।



banner close
banner close