চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বুধবার সকাল ৯টায় ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ সেশনটি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। উচ্চপর্যায়ের এই সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ অংশগ্রহণ করেন।
সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া সেশনের বিরতিকালীন সময়ে তিনি বিশ্বনেতাদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনেও অংশ নেন।
‘গ্রীষ্মকালীন দাভোস’ হিসেবে পরিচিত এই আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রমতে, এই সফরের মাধ্যমে একদিকে যেমন দেশে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে উন্নত দেশগুলোর উদ্ভাবনী চর্চা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও সুসংহত ও শক্তিশালী হওয়ার পথ সুগম হবে।
আরও পড়ুন:








