বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিতে স্পিকারের কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১৮:৪৬

শেয়ার

অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিতে স্পিকারের কঠোর নির্দেশ
ছবি সংগৃহীত

জাতীয় সংসদ অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার সংসদীয় কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে এই নির্দেশনা প্রদান করেন।

প্রতিবেদনে জানানো হয়, গুরুত্বপূর্ণ বাজেট আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি উল্লেখ করেন যে, সংসদ সদস্যরা যখন নিজ এলাকার বিভিন্ন দাবি-দাওয়া বা হাসপাতালের সমস্যা নিয়ে কথা বলেন, তখন সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত না থাকায় বিষয়গুলো সরাসরি শোনা হয় না। পরিস্থিতিটিকে অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন যে, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। মন্ত্রীরা যেন যথাসময়ে সংসদে উপস্থিত থাকেন এবং সংসদ সদস্যদের উত্থাপিত সমস্যার প্রতিকারের চেষ্টা করেন, সে বিষয়ে তিনি নির্দেশ দেন। এছাড়া অধিবেশন চলাকালে সংসদের ভেতরে সদস্যদের ছোট ছোট দলে বিভক্ত হয়ে আলাপ-আলোচনা না করার জন্য সতর্ক করা হয়।

অধিবেশনে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন যে, মন্ত্রণালয়ের ডাইরেক্টরি না থাকায় সংসদ সদস্যরা ব্যক্তিগতভাবে দাপ্তরিক যোগাযোগে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে দ্রুত একটি ডাইরেক্টরি তৈরির উদ্যোগ নিতে অনুরোধ জানান। এর জবাবে স্পিকার জানান যে, ২০২৬ সালের সংসদীয় ডাইরেক্টরি প্রকাশের কাজ বর্তমানে চলমান রয়েছে। তবে অনেক সংসদ সদস্য এখনও তাদের ব্যক্তিগত তথ্য জমা না দেওয়ায় কাজে বিলম্ব হচ্ছে। তিনি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য সংসদ সচিবালয়ে জমা দেওয়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।

পয়েন্ট অব অর্ডারে ড. শফিকুল ইসলাম মাসুদ প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও শপথ গ্রহণ সম্পর্কে জানতে চান। একইসঙ্গে তিনি ঋণ খেলাপি ও আইনি জটিলতায় থাকা আরও দুই সংসদ সদস্যের অবস্থান এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক গুজব সম্পর্কে সরকারের বক্তব্য দাবি করেন।

এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে অবহিত করেন যে, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে তার শারীরিক অবস্থা ক্রমাগত ভালো হওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ হলে সংসদে উপস্থিত হবেন। তবে গুজব বা আদালতে বিচারাধীন কোনো বিষয় নিয়ে আলোচনা করে সংসদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য স্পিকার সকল সদস্যকে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন।