মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

নিষিদ্ধ দলের তৎপরতা জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১২:৪৮

শেয়ার

নিষিদ্ধ দলের তৎপরতা জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী
ছবি সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের তৎপরতা দৃশ্যমান হওয়াকে জাতির জন্য বড় ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেল সেতুর ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, জনগণের আকাঙ্ক্ষা ও গণ-অভ্যুত্থানের মাধ্যমেই সংশ্লিষ্ট দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। আইনগতভাবে এবং জনমতে প্রত্যাখ্যাত হওয়ার পর এই সংগঠন নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই বলে তিনি উল্লেখ করেন। জনগণের মাধ্যমেই রাজনৈতিক দলের বৈধতা নির্ধারিত হয় জানিয়ে তিনি বলেন, নির্দিষ্ট কোনো দলকে নিষিদ্ধ করার অর্থ হলো তার কার্যক্রমের আর কোনো আইনগত ভিত্তি নেই।

সরকারি সম্পদ ব্যবহারের বিষয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা জমিগুলো তিনটি পৃথক বিভাগে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এর মধ্যে এক একরের কম, এক একরের বেশি এবং তিন একরের ঊর্ধ্বে থাকা জমিগুলো আলাদা করা হচ্ছে। তিন একরের বেশি আয়তনের জমিগুলোতে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ধরনের প্রতিটি স্থান থেকে গড়ে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম উপস্থিত ছিলেন। রেলওয়ের বৃক্ষরোপণ অভিযান জোরদার করার লক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।



banner close
banner close