মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

৬ এলাকায় সেনাবাহিনীকে ৯ দিনের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ০০:১০

শেয়ার

৬ এলাকায় সেনাবাহিনীকে ৯ দিনের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
ছবি সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ৯ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার ২২ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ এই ক্ষমতা ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এই আদেশের আওতায় সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারাও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারার অধীনে এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় এই কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পরিচালনা করবেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জনশৃঙ্খলা রক্ষায় অপরাধীকে গ্রেপ্তার, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ, তল্লাশি পরিচালনা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।



banner close
banner close